এবারের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭, জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকা-১৫, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে নির্বাচন করছেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ আসনে নির্বাচন করছেন। দলীয় প্রধানদের এসব আসনের বাইরে আরও কয়েকটি আসন নির্বাচনি প্রচারণার সময় ঢাকায় বেশ আলোচিত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা-৮, ঢাকা-৯ ও ঢাকা-১৪। প্রচারণার পুরো সময় এসব আসনের প্রার্থীদের কার্যক্রম দেশব্যাপী বেশ সাড়া ফেলেছে।
ঢাকা-৮
নির্বাচনি প্রচারণার পুরো সময় আলোচনায় ছিল ঢাকা-৮। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্রাক প্রতীকে মডেল মেঘলা আলমসহ আরও কয়েকজন প্রার্থী এ আসনে নির্বাচন করছেন।
ঢাকা-৯
রাজধানীর সবুজবাগ, মতিঝিল, ডেমরা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এখানে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
ঢাকা-১১
এই আসনে ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী ড. এমএ কাইয়ুম।
ঢাকা-১৪
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে ওঠা ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, গুম ফেরত মীর আহমাদ বিন কাসেম আরমান।
ঢাকা-১৫
‘ন্যায়-ইনসাফ’ প্রতিষ্ঠার বার্তা দিয়ে দীর্ঘদিন ঢাকা-১৫ আসনে প্রচারণা চালিয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, জামায়াতের আমির শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
ঢাকা-১৭
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত এই আসন। এখানে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় আসনটি ঘিরে সারাদেশের নজর। তার বিপরীতে রয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী জামায়াত নেতা ডা. এসএম খালিদুজ্জামান, যিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।